Print Date & Time : 08 November 2026 Sunday 04:43 am

সোনালি ধানে হেমন্তের আগমনী বার্তা, কৃষকের চোখে নতুন স্বপ্ন

image

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: শরতের নীল আকাশ আর সাদা মেঘের ভেলায় হেমন্তের আগমনী বার্তা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে কিশোরগঞ্জের হোসেনপুরে। পুমদী ইউনিয়নের ঐতিহাসিক চরপুমদী গ্রামের মাঠজুড়ে এখন দুলছে নতুন ধানের শীষ। ধীরে ধীরে পাকতে শুরু করা সোনালি ধানে কৃষকের চোখে-মুখে ফুটে উঠছে নতুন স্বপ্ন।

ভাদ্রের শেষ প্রান্তে এসে প্রকৃতিতে শরতের আবহ। দিনে তীব্র রোদ থাকলেও ভোরের হালকা কুয়াশা আর সন্ধ্যার শান্ত পরিবেশ জানান দিচ্ছে ঋতু বদলের। এরই মধ্যে চরপুমদীর বিস্তৃত মাঠে ধানের শীষে দানা বাঁধতে শুরু করেছে। কৃষকের দীর্ঘদিনের শ্রম-ঘামে বেড়ে ওঠা সেই ফসল এখন পরিণতির পথে।

মাঠে মাঠে ধানের অগ্রগতিতে কৃষকের ব্যস্ততাও বেড়েছে। প্রতিদিন খেতের পরিচর্যা, ফসলের অবস্থা পর্যবেক্ষণ আর ফলনের হিসাব কষছেন তারা। নতুন ধানের শীষে দুলছে তাদের প্রত্যাশা, ভালো ফলন হলে ঘরে ফিরবে স্বস্তি ও সচ্ছলতা।

চরপুমদীর মাঠজুড়ে বাতাসে দোলা খাওয়া ধানের শীষ শুধু হেমন্তের আগমনী বার্তাই দিচ্ছে না, কৃষকের ঘরে সম্ভাব্য সমৃদ্ধিরও ইঙ্গিত দিচ্ছে। ভাদ্রের ব্যস্ততা পেরিয়ে এখন ধান পাকানোর অপেক্ষায় কৃষকের দিন কাটছে নতুন আশায়।

গ্রামবাংলার ঋতুচক্রে ভাদ্রের বিদায় আর হেমন্তের আগমন ঘিরে একসময় যে লোকজ উৎসবের আমেজ দেখা যেত, চরপুমদীর মাঠে সোনালি হতে থাকা ধান যেন সেই চিরচেনা আবহকেই ফিরিয়ে আনছে। প্রকৃতির রূপ বদলের সঙ্গে বদলে যাচ্ছে কৃষকের প্রত্যাশাও। সোনালি ধানের শীষে তাই এখন শুধু ফসল নয়, জড়িয়ে আছে নতুন দিনের স্বপ্ন।

—জা. অর্থনীতি/এলএটি