Print Date & Time : 28 October 2026 Wednesday 02:27 am

নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী

image

অনলাইন ডেস্ক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যেকোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মানব পাচার প্রতিরোধে আইনি কাঠামো শক্তিশালী করার পাশাপাশি এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) আয়োজিত ‘মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধে ফৌজদারি বিচার ব্যবস্থার প্রতিক্রিয়া শক্তিশালীকরণ বিষয়ক জাতীয় পরামর্শ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মানব পাচার সবচেয়ে গুরুতর, অমানবিক ও নিষ্ঠুর অপরাধগুলোর একটি। পাচারকারীরা মানুষের জীবনকে পুঁজি করে বিপুল অর্থ উপার্জন করে। সরকার এ পরিস্থিতির পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, মানব পাচার প্রতিরোধে বেশ কিছু আইন সংশোধন করা হয়েছে। মানব পাচারের সংজ্ঞাকে আরও বাস্তবসম্মত করা হয়েছে, যাতে এর বিস্তৃত পরিসরে তা প্রয়োগ করা যায়। ২০২৬ সালের মানব পাচার আইনে এ ধরনের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ১৮৮৭ সালের জুয়া আইন সংশোধন করে অনলাইন জুয়া, পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রমকে আইনি কাঠামোর আওতায় আনা হয়েছে।

বাংলাদেশ ২০১৯ সালের সেপ্টেম্বরে মানব পাচারবিষয়ক প্রোটোকল অনুসমর্থন করেছে উল্লেখ করে তিনি বলেন, এরপর থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

আইনমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকলেও জনবল, অভিযোগকারীদের সহযোগিতা এবং যথাযথ প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে।

তিনি বলেন, বেকারত্বের কারণে মানুষকে জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া থেকে আটকানো সম্ভব নয়। তাই বিদেশে যাওয়া অভিবাসীদের অধিকার নিশ্চিত করতে সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি ক্রিস্টিয়ান হোলগে।

জা.অর্থনীতি/এসআই