Print Date & Time : 08 November 2026 Sunday 05:49 pm

সৌদি রাজধানীতে হামলার সতর্কতা, বিস্ফোরণের শব্দ

image

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোরে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতা জারির কিছুক্ষণ পর রাজধানীতে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রায় আধা ঘণ্টা পর সতর্কতা প্রত্যাহার করে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় রাত ৩টার কিছু আগে রিয়াদের বাসিন্দাদের কাছে সতর্কবার্তা পাঠানো হয়। এতে বলা হয়, ‘এলাকাটি শত্রুপক্ষের আকাশপথে হামলার হুমকির মধ্যে রয়েছে।’ একই সঙ্গে বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়।

সতর্কবার্তা জারির পর এএফপির সাংবাদিকরা দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। তবে বিস্ফোরণের কারণ বা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে সৌদি আরব। জুলাইয়ে প্রতিবেশী ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর এই প্রথম সৌদি রাজধানী রিয়াদ সরাসরি এর প্রভাবের মুখে পড়ল।

চলতি মাসে হুতিরা আকস্মিক সামরিক অভিযান শুরু করেছে। তাদের লক্ষ্য ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল দখলে নেওয়া। এর ফলে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরব তেল রপ্তানির বিকল্প পথ হিসেবে বাব আল-মান্দাব ব্যবহার করত। বর্তমানে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ওই সমুদ্রপথে নৌ অবরোধ ঘোষণা করেছে।

সমুদ্রপথ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, জুলাইয়ের পর থেকে বাব আল-মান্দাব দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি কমেছে। তবে গত এক সপ্তাহে তেলবোঝাই পাঁচটি জাহাজ ওই পথ দিয়ে গেছে।

জাতিসংঘ জানিয়েছে, নতুন সংঘাতের কারণে ইয়েমেনে ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

জা.অর্থনীতি/এসআই