Print Date & Time : 08 November 2026 Sunday 05:49 pm

হুথিদের হামলার দাবির পর রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়

image

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথিদের হামলার দাবির পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটরাডার২৪ শনিবার বিমানবন্দরটির বিঘ্ন সূচক সর্বোচ্চ ৫.০ দেখিয়েছে। এ সময় দীর্ঘ বিলম্বের পাশাপাশি একাধিক ফ্লাইট বাতিল হয়।

রিয়াদে রাতভর বিমান হামলার সতর্কতা জারির কয়েক ঘণ্টা পর বিমানবন্দরের কাছাকাছি এলাকা থেকে আগুন ও ঘন কালো ধোঁয়া দেখা যায়। রয়টার্সের যাচাই করা ভিডিও ও ছবিতে বিমানবন্দর সড়ক, টার্মিনাল ভবন ও আশপাশের স্থাপনার পেছনে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। কিছু দৃশ্যে জ্বালানি ট্যাংকের কাছাকাছি আগুনও দেখা যায়। তবে আগুনের সঙ্গে হুথিদের হামলার সরাসরি সম্পর্ক এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সর্বশেষ পরিস্থিতিতে বিমানবন্দরের বিঘ্ন সূচক ০.৮-এ নেমে এসেছে। গড় বিলম্ব প্রায় ৯ মিনিট এবং তিনটি ফ্লাইট বাতিল হয়েছে। এতে আগের রাতের তুলনায় বিমান চলাচল অনেকটাই স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

শনিবার ভোরে রিয়াদ ও আল-খারজ এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করে সৌদি কর্তৃপক্ষ। বাসিন্দাদের নিরাপদ স্থানে যেতে, খোলা জায়গা এড়িয়ে চলতে এবং জনসমাগম থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। পরে সতর্কতা তুলে নেওয়া হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হুথিরা রিয়াদের একটি ‘সংবেদনশীল’ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। একই অভিযানে ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনাও লক্ষ্য করার দাবি করে তারা।

অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট রিয়াদের দিকে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে। তবে হামলার সফলতা স্বাধীনভাবে পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি।

জা.অর্থনীতি/এসআই