Print Date & Time : 24 October 2026 Saturday 09:08 am

স্টার্টআপ ও উদ্ভাবনে ৫০০ কোটি টাকার তহবিল গঠন করেছে সরকার

image

অনলাইন ডেস্ক: তরুণদের স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, এ লক্ষ্যে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম চালু করা হয়েছে এবং উদ্ভাবনী উদ্যোগে সহায়তার জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ‘ভিকারুননিসা নূন অ্যাস্ট্রোনমি ক্লাব (ভিএনএসি)’ আয়োজিত ‘থার্ড ইন্টার অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাপোজি ২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ইসমাইল জবিউল্লাহ বলেন, আগামী পাঁচ বছরে অ্যাস্ট্রোনমি ক্লাব থেকে এমন তরুণী উঠে আসবে, যারা শুধু অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে পুরস্কার অর্জন করবে না, বরং স্যাটেলাইটের মডেল তৈরি, কার্যকর ড্রোন ও নতুন সেন্সর উদ্ভাবন, পেটেন্ট এবং স্টার্টআপ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

তিনি বলেন, মানুষের জীবনকে নিরাপদ, সহজ ও সুন্দর করতে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করতে হবে। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সমাধান খুঁজে বের করার আহ্বান জানান তিনি।

উপদেষ্টা বলেন, ঘনবসতিপূর্ণ ঢাকায় ড্রোন প্রযুক্তি ব্যবহার করে অগ্নিনির্বাপণ, বন্যার পূর্বাভাস ও নিরাপত্তা ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করা যেতে পারে।

তিনি শিক্ষার্থীদের কৃষিকাজে ব্যবহারের ড্রোন, বন্যা পর্যবেক্ষণকারী ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দুর্যোগ পূর্বাভাস ব্যবস্থা ও দূষিত পানি শনাক্তকারী সেন্সর তৈরিতে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা মহানগরীর ১৫টি শীর্ষস্থানীয় কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

জা.অর্থনীতি/এসআই