Print Date & Time : 28 October 2026 Wednesday 07:57 am

হাতিয়ায় ট্রলারে ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখে

image

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগরে এক মাছ ধরার ট্রলারেই ধরা পড়েছে প্রায় ৬০ মণ ইলিশ। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিপুল এই মাছের ট্রলারটি চেয়ারম্যান ঘাটে পৌঁছালে সাইফুল মৎস্য আড়তে আয়োজিত উন্মুক্ত নিলামে ৩ ধাপে প্রায় ২০ লাখ টাকায় মাছগুলো বিক্রি হয়।

জানা যায়, হাতিয়ার জেলে আব্দুর রহিম মাঝি ১৮ জন সহযোগী মাঝি-মাল্লা নিয়ে সম্প্রতি বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সাগরে টানা ছয় দিন জাল ফেলার পর বৃহস্পতিবার সকালে বিপুল পরিমাণ ইলিশ বোঝাই ট্রলার নিয়ে তারা চেয়ারম্যান ঘাটে ফেরেন। পরে মৎস্য আড়তে আড়তদার ও স্থানীয় মাছ ব্যবসায়ীদের দরদাম হাঁকানোর মাধ্যমে মাছগুলো সর্বোচ্চ ২০ লাখ টাকায় বিক্রি সম্পন্ন হয়। একসঙ্গে এত বিশাল পরিমাণ ইলিশ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে পুরো ঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ট্রলারের মাঝি আব্দুর রহিম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "সাগরে ছয় দিন কঠোর পরিশ্রমের পর এত মাছ পেয়ে আমরা ভীষণ আনন্দিত। দীর্ঘদিনের শ্রম ও ট্রলার চালানোর খরচ উঠে আসার পাশাপাশি ভালো লভ্যাংশ পাওয়ায় আমাদের সব মাঝিমাল্লার মধ্যে স্বস্তি ফিরে এসেছে।"

সাইফুল মৎস্য আড়তের প্রোপাইটার সাইফুল ইসলাম জানান, সকালে ঘাটে ট্রলারটি ভেড়ার পর থেকেই ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। ৩ ধাপে মোট ৬০ মণ ইলিশ প্রায় ২০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে, যা চলতি মৌসুমে স্থানীয় আড়তের জন্য বড় অর্জন।

চেয়ারম্যান ঘাটের ব্যবসায়ী মো. আকবর হোসেন বলেন, "একসাথে এত বিপুল পরিমাণ মাছে পুরো ঘাটে দারুণ প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নিয়মিতভাবে সাগরে এমন মাছ পাওয়া গেলে বাজারে সরবরাহের পাশাপাশি ব্যবসাও চাঙা হবে।"

জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ জানান, "বর্তমানে বঙ্গোপসাগরে ইলিশের বিচরণ ও প্রাপ্যতা অনুকূলে থাকায় জেলেরা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন। একটি ট্রলারে ৬০ মণ ইলিশ পাওয়ার বিষয়টি অত্যন্ত আনন্দের। তবে ইলিশের প্রাকৃতিক প্রজনন ও স্থায়ী উৎপাদন বজায় রাখতে জেলেদের জাটকা ধরা থেকে বিরত থাকা এবং সরকারি নিষেধাজ্ঞা সঠিকভাবে মেনে সাগরে যাওয়া অত্যন্ত জরুরি।"  

—জা. অর্থনীতি/এলএটি