Print Date & Time : 08 November 2026 Sunday 07:59 am

ইরান যুদ্ধের মধ্যে মার্কিন নৌবাহিনীতে ৮ আত্মহত্যার চেষ্টা

image

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে দীর্ঘ সময় মোতায়েন থাকার মধ্যে মার্কিন নৌবাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের আট সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার মার্কিন ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাও এক চিঠিতে সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডকে এ তথ্য জানিয়েছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পক্ষে দেওয়া ওই চিঠিতে কাও বলেন, লিংকনের মোতায়েন শুরুর পর থেকে পুরো স্ট্রাইক গ্রুপে মোট আটটি আত্মহত্যার চেষ্টা হয়েছে। এর মধ্যে রণতরীর ক্রু, ক্যারিয়ার এয়ার উইং, স্ট্রাইক গ্রুপ ও ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের সদস্য, সঙ্গে থাকা ডেস্ট্রয়ার এবং বিমান স্কোয়াড্রনের সদস্যরাও রয়েছেন।

ইউএসএস আব্রাহাম লিংকনের সদস্যরা ১ সেপ্টেম্বর থাইল্যান্ডের একটি উপকূলীয় শহরে নেমে আসেন। এর আগে রণতরীটি টানা ২৮৬ দিন সমুদ্রে ছিল। মে মাসে তাদের মোতায়েন শেষ হওয়ার কথা থাকলেও যুদ্ধের পরিস্থিতিতে তা বাড়ানো হয়।

কাও জানান, মার্চে এক নাবিক জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলে সহকর্মীরা তাকে আটকে দেন। আগস্টে আরেক নাবিক সমুদ্রে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তী চিকিৎসার জন্য জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়।

এর আগে আগস্টে মার্কিন সামরিক সংবাদমাধ্যমগুলো রণতরীতে নাবিকদের অবনতিশীল মানসিক স্বাস্থ্যের কথা জানায়। পাশাপাশি জাহাজের গোসলখানায় ছত্রাক, খাবার ও সাবানের সরবরাহ কমে যাওয়ার অভিযোগও ওঠে।

কাও জানান, সরবরাহে কিছুটা বিলম্ব হয়েছিল। দীর্ঘ সময় দায়িত্ব পালনের সক্ষমতা বজায় রাখতে খাবারের প্রধান পদ সাময়িকভাবে দুটি থেকে কমিয়ে একটিতে আনা হয়েছিল। তবে প্রতিদিন চারটি পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়েছে।

সিনেটর গিলিব্র্যান্ড বলেন, নাবিকদের পরিস্থিতি গুরুতর। তবে মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, নাবিকদের স্বাস্থ্য, কল্যাণ ও মনোবল নিশ্চিত করতে নৌবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

জা.অর্থনীতি/এসআই