Print Date & Time : 26 October 2026 Monday 07:01 am

কাশফুলের শুভ্রতায় মুগ্ধ দর্শনার্থী

image

কিশোরগঞ্জ প্রতিনিধি: শরতের শুভ্রতায় সেজেছে কিশোরগঞ্জের নিকলী উপজেলার মির্জাপুর। আব্দুল হামিদ সড়কের পাশে ফুটে থাকা সাদা কাশফুলের দোলায় বদলে গেছে এলাকার চেনা দৃশ্য। প্রকৃতির এই সৌন্দর্যের টানে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। বিকেল গড়াতেই কাশবনের পাশে বাড়ছে মানুষের আনাগোনা।

স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর এলাকার আব্দুল হামিদ সড়কের পাশে বেশ কিছু জায়গাজুড়ে ফুটেছে কাশফুল। খোলা আকাশ, সড়ক আর সাদা কাশফুলের মেলবন্ধনে জায়গাটি এখন দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে বিকেলের দিকে বাড়ছে মানুষের উপস্থিতি।

সরেজমিনে দেখা যায়, বাতাসে দুলছে সাদা কাশফুলের ঝোপ। পথচারীদের অনেকেই সৌন্দর্য দেখতে সড়কের পাশে থেমে যাচ্ছেন। কেউ কাশফুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ মুঠোফোনে ধারণ করছেন ভিডিও। পরিবার নিয়ে আসা শিশুদের মধ্যেও দেখা গেছে উচ্ছ্বাস। বন্ধুদের দলও কাশবনের পাশে সময় কাটাচ্ছেন।

দর্শনার্থীরা বলছেন, ব্যস্ত জীবনের বাইরে প্রকৃতির এমন পরিবেশে কিছুটা সময় কাটানোর সুযোগ তাদের ভালো লাগছে। কোনো আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই শরতের কাশফুল জায়গাটিকে আকর্ষণীয় করে তুলেছে।

এক দর্শনার্থী বলেন, কাশফুলের এমন সুন্দর দৃশ্য দেখতে আগে এখানে আসা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম ও পরিচিতজনদের কাছ থেকে শুনে দেখতে এসেছেন। পরিবেশটিও তার ভালো লেগেছে।

আরেক দর্শনার্থী বলেন, পরিবারের সদস্যদের নিয়ে বিকেলে ঘুরতে এসেছেন। কাশফুলের কারণে জায়গাটির সৌন্দর্য অনেক বেড়ে গেছে। প্রকৃতির মধ্যে কিছুটা সময় কাটিয়ে ভালো লাগছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কাশফুল দেখতে সাম্প্রতিক সময়ে দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে। বিভিন্ন বয়সী মানুষ এখানে আসছেন। তাদের ধারণা, প্রাকৃতিক সৌন্দর্যের এ স্থানটি পরিকল্পিতভাবে পরিচর্যা করা গেলে ভবিষ্যতে নিকলীর অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে উঠতে পারে।

তবে দর্শনার্থী বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের প্রত্যাশা, কাশফুলের ঝোপ যেন নির্বিচারে নষ্ট করা না হয়। পাশাপাশি দর্শনার্থীরা যেন প্লাস্টিক, খাবারের প্যাকেটসহ কোনো ধরনের বর্জ্য ফেলে পরিবেশ নষ্ট না করেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, মানুষ এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুক, এতে তাদেরও ভালো লাগে। তবে সবাই জায়গাটি পরিষ্কার রাখলে এবং কাশফুল নষ্ট না করলে এই সৌন্দর্য আরও দীর্ঘদিন থাকবে।

শরতের অন্যতম পরিচিত অনুষঙ্গ কাশফুল। সাদা ফুলের মৃদু দোল আর খোলা প্রান্তরের দৃশ্য প্রতিবছরই প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করে। নিকলীর মির্জাপুরেও এবার তার ব্যতিক্রম হয়নি। কোনো আয়োজন ছাড়াই শুধু প্রকৃতির টানে মানুষ ছুটে আসছেন এখানে।

স্থানীয়রা মনে করছেন, দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও যোগাযোগব্যবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে স্থানটির প্রতি সংশ্লিষ্টদের নজর দেওয়া যেতে পারে। তবে এর আগে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য ধরে রাখাকেই গুরুত্ব দেওয়ার কথা বলছেন তারা।

আব্দুল হামিদ সড়কের পাশের সাদা কাশের সারি এখন শুধু পথচারীদের দৃষ্টি আটকে দিচ্ছে না, দূর-দূরান্তের মানুষকেও টেনে আনছে নিকলীর মির্জাপুরে। প্রকৃতির এই আয়োজন কতদিন এমন থাকবে, তা অনেকটাই নির্ভর করছে মানুষের সচেতনতার ওপর।  

—জা. অর্থনীতি/এলএটি