Print Date & Time : 08 November 2026 Sunday 05:45 am

৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চাকা ও বগির সংযোগ হুক ছিঁড়ে আন্তঃনগর 'পাহাড়িকা এক্সপ্রেস' ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ৩ ঘণ্টা পর সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া উদ্যানের মাগুরছড়া পাহাড়ি এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ট্রেনের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শিপলু সূত্রধর জানান, চলন্ত অবস্থায় ট্রেনটির মাঝামাঝি স্থানের সংযোগ হুক ছিঁড়ে যায়। এতে লোকোমোটিভটি (ইঞ্জিন) সামনের ৭টি বগি টেনে প্রায় কয়েক কিলোমিটার এগিয়ে যায়, আর পেছনের ৯টি বগি মাগুরছড়া বনাঞ্চলে আটকা পড়ে বিচ্ছিন্ন হয়ে থাকে। পরবর্তীতে চালক বগি ভুলের বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি পেছনের দিকে ব্যাক করিয়ে আনেন এবং কারিগরি দলের সহায়তায় মেরামত কাজ শুরু করেন।

রেলওয়ে প্রকোশলী ও যান্ত্রিক দলের প্রায় ৩ ঘণ্টার নিবিড় চেষ্টায় বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বিচ্ছিন্ন বগির হুক পুনঃসংযোগের কাজ শেষ হয়। এরপর পাহাড়িকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে যাত্রা পুনরায় শুরু করে শ্রীমঙ্গল স্টেশনের অভিমুখে রওনা হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, পাহাড়ি ট্র্যাকে ট্রেনটি আটকে থাকায় নিরাপত্তার স্বার্থে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। এর ফলে শ্রীমঙ্গল স্টেশনে সিলেটগামী একটি পাহাড়িকা এক্সপ্রেস এবং ভানুগাছ স্টেশনে ঢাকাগামী 'জয়ন্তিকা এক্সপ্রেস' আটকা পড়ে।

হঠাৎ বনাঞ্চলে দীর্ঘ সময় ট্রেন আটকা পড়ায় এবং বিভিন্ন স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটায় হাজার হাজার দূরপাল্লার যাত্রী চরম ভোগান্তির শিকার হন। বিকেল সাড়ে ৫টার পর থেকে পুরো রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।  —জা. অর্থনীতি/এলএটি