মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের অন্যতম বৃহৎ জলাভূমি হাইল হাওরের দেশীয় প্রজাতির মাছ ও মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের অবৈধ রিং ও চায়না মশারির জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত হাইল হাওরের বিভিন্ন পয়েন্টে টানা চার ঘণ্টাব্যাপী এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাইল হাওরের চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল ও হাওরী খালসহ বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে এ ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিকসহ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে হাওরের বিভিন্ন অংশ থেকে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের ১০০টি রিং জাল এবং আড়াই লাখ টাকা মূল্যের ২০টি নিষিদ্ধ ক্ষুদ্র ছিদ্রের মশারির জাল আটক ও জব্দ করা হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও জেলেদের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
একই সাথে হাওরের মুক্ত পানিপ্রবাহ বজায় রাখতে এবং দেশীয় মাছের প্রজনন ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে অবৈধভাবে স্থাপন করা বেশ কয়েকটি নেটের স্থায়ী বাঁধ গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান জানান, দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি রক্ষা ও প্রজনন মৌসুমে রেনু পোনা নিধন রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। হাইল হাওরে অবৈধ জালের ব্যবহারে কোনো ছাড় দেওয়া হবে না।
—জা. অর্থনীতি/এলএটি