Print Date & Time : 25 October 2026 Sunday 09:02 pm

গ্যাস সংকটে খাগড়াছড়িতে ফিলিং স্টেশন বন্ধ

image

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে অটোগ্যাসের সরবরাহ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্যাসচালিত যানবাহনের চালকেরা। জেলার জিরোমাইল এলাকার বিএম অটোগ্যাস ফিলিং স্টেশনে গ্যাসের মজুত শেষ হয়ে যাওয়ায় গতকাল সকাল থেকে বিক্রি বন্ধ রয়েছে।

অন্যদিকে, চালু থাকা খাগড়াছড়ি ফিলিং স্টেশনে গ্যাস নিতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহনগুলোও ভোগান্তিতে পড়ছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি ফিলিং স্টেশনের সামনে গ্যাস নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। খাগড়াছড়ি সদরে এটিই একমাত্র চালু অটোগ্যাস ফিলিং স্টেশন হওয়ায় চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

হেলথ কেয়ার হসপিটালের অ্যাম্বুলেন্সচালক মো. উমর ফারুক বলেন, রোগী নিয়ে চট্টগ্রাম যাচ্ছি। বিএম অটো গ্যাস ফিলিং স্টেশনে গিয়ে দেখি গ্যাস নেই। অন্য একটি ফিলিং স্টেশনে গ্যাস থাকলেও সেখানে দীর্ঘ লাইন। এখন রোগীকে অন্য একটি অ্যাম্বুলেন্সে করে পাঠাতে হবে।

খাগড়াছড়ি ফিলিং স্টেশনের কর্মী অনুপ চক্রবর্তী বলেন, আজ বিক্রি করলেই আমাদের গ্যাস শেষ হয়ে যাবে। কবে আবার গ্যাস আসবে, তা এখনো বলতে পারছি না।

অন্যদিকে, সদরের জিরোমাইল এলাকার বিএম অটো গ্যাস ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আকরাম বলেন, গতকাল থেকে স্টেশনে গ্যাস শেষ হয়ে গেছে। তাই বিক্রি বন্ধ রেখেছি। কবে গ্যাস আসবে, তা জানি না।

গ্যাসের সরবরাহ কম থাকায় জেলার গ্যাসচালিত যানবাহনগুলোকে জ্বালানি সংগ্রহে অতিরিক্ত সময় অপেক্ষা করতে হচ্ছে। সরবরাহ স্বাভাবিক না হলে এ ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ বলেন, গ্যাসের সংকট রয়েছে কি না, তা তিনি খতিয়ে দেখবেন। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।

—জা.অর্থনীতি/এনজে