Print Date & Time : 23 October 2026 Friday 06:00 pm

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন

image

জামালপুর প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কে যাত্রীবাহী 'রাজীব পরিবহন'-এর চাপায় প্রাণ হারানো ৭ জনের দাফন সম্পন্ন হয়েছে। জানাজা ও দাফন শেষ হলেও স্বজনদের শোকে এখন থমথমে জামালপুর সদরের গ্রামগুলো; বাড়ি বাড়ি চলছে স্বজনদের কান্নাকাটি ও আহাজারি।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় জামালপুর সদর উপজেলায় তাদের নিজ নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতদের দাফন করা হয়।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা নারীসহ এক পরিবারের ৪ জনই নিহত

নিহতদের মধ্যে একই পরিবারের চারজন হলেন- জামালপুর সদরের দড়িহামিদপুর গ্রামের রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু, তার বৃদ্ধা মা রাশিদা বেগম, দুই মাসের অন্তঃসত্ত্বা মেয়ে মর্জিনা বেগম এবং তার ৫ বছরের নাতি মিনাল। গাজীপুরের বাসায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পথিমধ্যেই এক দুর্ঘটনায় একই পরিবারের তিনটি প্রজন্মের এই চার সদস্য প্রাণ হারান। একটি মাত্র সড়ক দুর্ঘটনা নিমেষেই নিঃস্ব করে দিয়েছে পুরো পরিবারটিকে।

প্রিয়জনদের দাফন শেষে স্বজনদের চোখের জলে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। শোকাহত স্বজন ও স্থানীয়দের কণ্ঠে একটাই আকুতি- বেপরোয়া গাড়ি চালকদের বলির পাঁঠা হয়ে আর কত প্রাণ ঝরবে সড়কে?

আরও পড়ুন: ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত

এদিকে এ প্রাণহানির প্রতিবাদে এবং দায়ী বাস চালক ও কর্তৃপক্ষের শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা ও তরুণ সমাজ। শুক্রবার রাতে জামালপুর শহরে যৌথভাবে গায়েবানা জানাজা ও প্রদীপ প্রজ্জ্বলনসহ কফিন মিছিল করেছে 'যুবশক্তি' ও 'ছাত্রশক্তি' নামক সংগঠন। মিছিল থেকে বেপরোয়া রাজীব পরিবহনের রুট পারমিট অবিলম্বে বাতিল, উক্ত রুটে বাস চলাচল বন্ধ এবং পরিবহন খাতের মালিক-শ্রমিক সিন্ডিকেট ভেঙে দেওয়ার জোর দাবি জানানো হয়।

সড়কে অকাতরে তাজা প্রাণ ঝরে যাওয়া আর একের পর এক পরিবার শূন্য হওয়ার এই বিচারহীনতার অপসংস্কৃতি কবে থামবে- এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নিহতের স্বজন ও ক্ষুব্ধ এলাকাবাসীর মনে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে ময়মনসিংহের আকুয়া বাইপাস সড়কের গণ্ডপা এলাকায় রাজীব পরিবহনের একটি বেপরোয়া বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার ৭ আরোহী নিহত হন। নিহতদের সবার বাড়ি জামালপুর জেলায়।  

—জা. অর্থনীতি/এলএটি