Print Date & Time : 25 October 2026 Sunday 04:42 pm

চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন, বরের বাবা আটক

image

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে গিয়ে বৌভাতের অনুষ্ঠানের জন্য জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে বরের বাবাকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া গরুর মাংস, চামড়া, মাথা ও পা। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

এর আগে শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পশ্চিম মাস্তা এলাকায় গরু চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম মাস্তা গ্রামের মো. শহিদুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় তার প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ক্রস জাতের গাভী গোয়ালঘরে বেঁধে রাখেন। রাত আনুমানিক ৩টার দিকে উঠে তিনি দেখতে পান মূল ফটকের তালা ভাঙা এবং গাভীটি নেই। পরে শনিবার সকালে জমির ওপর গরুর পায়ের ছাপ অনুসরণ করে বকশিচর গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে গিয়ে সেটি জবাই করে মাংস কাটার দৃশ্য দেখতে পান তিনি।

কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে শহিদুলের ভাতিজা আনারুলকে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে আহত আনারুলকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রফিকুল ইসলামকে আটক করলেও অন্য অভিযুক্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, রফিকুল ইসলামের ছেলে সোহানের বিয়ের বৌভাত অনুষ্ঠানের জন্য এই চুরির গরু জবাই করা হয়েছিল।

ওসি জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং অন্যদের আটকের চেষ্টা চলছে। একইসঙ্গে মামলা দায়েরের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি