Print Date & Time : 07 November 2026 Saturday 07:13 pm

ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ

image

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের উপকূলে ছয় আরোহীসহ একটি মেডিকেল বিমান নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় শনিবার (৩ অক্টোবর) ভোরে বোস্টনগামী বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ন্যান্টাকেট দ্বীপের কাছে আকাশ ও সমুদ্রপথে তল্লাশি শুরু করেছে মার্কিন কর্তৃপক্ষ।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, গালফস্ট্রিম জি-১০০ বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর স্থানীয় সময় রাত ১টার কিছু পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়। মার্কিন কোস্টগার্ডের নর্থইস্ট ডিস্ট্রিক্ট জানিয়েছে, ন্যান্টাকেটের উপকূলীয় এলাকায় অভিযান চলছে।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে উড্ডয়ন করে। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে অবতরণের কথা ছিল।

কোস্টগার্ডের প্রকাশ করা উড়োজাহাজের নম্বর অনুযায়ী, বিমানটি আন্তর্জাতিক মেডিকেল ফ্লাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সের। প্রতিষ্ঠানটির ফ্লাইট অপারেশন্স বিভাগের পরিচালক ক্ল্যারেন্স টোগেরেটজ জানান, বিমানে ছিলেন দুই পাইলট ও দুই কানাডীয় মেডিকেলকর্মী। তারা বারমুডায় গিয়েছিলেন একজন রোগী ও তার স্বজনকে নিয়ে ফিরতে। ওই রোগী ও স্বজন কানাডীয় নন।

ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটির উচ্চতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। প্রায় ৭ হাজার ৩০০ মিটার উচ্চতা থেকে তা নেমে আসে ৩ হাজার ৩০০ মিটারে।

রেডিও যোগাযোগেও সমস্যার কথা জানা গেছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার পাইলটকে জিজ্ঞাসা করেন, তিনি জরুরি অবস্থা ঘোষণা করছেন কি না। পরে নিশ্চিত করা হয়, পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। স্থানীয় জরুরি বিভাগের এক ডিসপ্যাচার প্রথমে বিমানটির বৈদ্যুতিক সমস্যার কথা জানান। পরে তিনি জানান, বিমানটির রেডিও ও রাডার-দুই যোগাযোগই বিচ্ছিন্ন হয়েছে।

সূত্র: বিবিসি

জা.অর্থনীতি/এসআই