Print Date & Time : 07 November 2026 Saturday 07:28 pm

অদক্ষ চালকের হাতে অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

image

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইলে দিন দিন বাড়ছে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা। একই সঙ্গে প্রশিক্ষণ ও পর্যাপ্ত দক্ষতা ছাড়াই অনেক চালক অটোরিকশা চালানোয় সড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

যত্রতত্র অটোরিকশা থামিয়ে যাত্রী ওঠা-নামা, রাস্তার মোড় ও গুরুত্বপূর্ণ পয়েন্ট দখল করে দাঁড়িয়ে থাকা এবং আগে যাত্রী পাওয়ার প্রতিযোগিতায় সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এতে তাড়াইল বাজারসহ ব্যস্ত সড়কগুলোতে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। 

স্থানীয়দের অভিযোগ, অনেক অটোরিকশা চালক নির্দিষ্ট কোনো স্ট্যান্ডের পরিবর্তে রাস্তার ওপর যেখানে-সেখানে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা করান। বিশেষ করে বাজারের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কের প্রবেশমুখে একাধিক অটোরিকশা একসঙ্গে দাঁড়িয়ে থাকায় যানবাহন চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ে। ফলে সামান্য যানজটও মুহূর্তের মধ্যে দীর্ঘ যানজটে রূপ নেয়।

পালানোর মামলায় হাজিরা দিতে এসে আবারও পালালেন শরিফুল

এছাড়া কিছু চালক যাত্রী ওঠানোর জন্য চলন্ত অবস্থায় হঠাৎ ব্রেক করেন কিংবা রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে দেন। এতে পেছনে থাকা অন্যান্য যানবাহন আটকে যায় এবং অনেক সময় বিপরীত দিকের যানবাহনের চলাচলেও সমস্যা তৈরি হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, অটোরিকশা এখন তাড়াইলের মানুষের গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম। তবে চালকদের প্রশিক্ষণ, ট্রাফিক আইন সম্পর্কে ধারণা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা না গেলে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়বে, অন্যদিকে যানজটও আরও তীব্র হতে পারে।

সেকান্দরনগর নয়াপাড়ার বাসিন্দা আলী হোসেন বলেন, অটোরিকশা প্রয়োজনীয় বাহন। কিন্তু যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী নেওয়া এবং রাস্তার ওপর একসঙ্গে অনেক অটোরিকশা দাঁড়িয়ে থাকার কারণে যানজট তৈরি হয়। ব্যস্ত সময়ে চলাচল করাই কঠিন হয়ে পড়ে।

সচেতন মহলের দাবি, অটোরিকশা চালকদের প্রশিক্ষণের আওতায় আনার পাশাপাশি নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণ, যত্রতত্র পার্কিং বন্ধ, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অটোরিকশা দাঁড়ানো নিয়ন্ত্রণ এবং সড়ক আইন বাস্তবায়নে নিয়মিত নজরদারি প্রয়োজন।

তাদের মতে, দুর্ঘটনা ও যানজট—দুই সমস্যা সমাধানেই চালকদের প্রশিক্ষণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি।

স্থানীয়দের প্রত্যাশা, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। জনগণের প্রত্যাশা অটোরিকশা মানুষের চলাচলের সহজ মাধ্যম হলেও অনিয়ম আর অদক্ষতার কারণে সেটিই যেন দুর্ঘটনা ও যানজটের কারণ হয়ে না দাঁড়ায়।

—জা. অর্থনীতি/এ