অনলাইন ডেস্ক: রাশিয়ায় এক তরুণী ল্যাব গবেষকের রহস্যজনক মৃত্যু ঘিরে কেন এত আতঙ্ক? অজানা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ বছর বয়সি দারিয়া শিপিলোভা। তার সংস্পর্শে আসা প্রায় দুইশ মানুষকে রাখা হয়েছে পর্যবেক্ষণ ও কোয়ারেন্টাইনে। তবে এই ঘটনার সঙ্গে ল্যাবের কাজের কোনো সরাসরি সম্পর্ক নেই বলছে রাশিয়ার সরকারি স্বাস্থ্য সংস্থা।
রাশিয়ার সাইবেরিয়ায় এক তরুণী ল্যাব গবেষকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। আইরকুস্ক অঞ্চলের শেলেখভ শহরের রোগ প্রতিরোধ ও মহামারি নিয়ে কাজ করা একটি গবেষণাগারের ২৮ বছর বয়সি কর্মী দারিয়া শিপিলোভা অজানা এক ধরনের নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এই ঘটনার পর তার সংস্পর্শে আসা প্রায় দুইশ মানুষকে কড়া পর্যবেক্ষণ ও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যে হাসপাতালে দারিয়া চিকিৎসাধীন ছিলেন, সেখানকার একটি অংশও পুরোপুরি কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।
তবে রাশিয়ার সরকারি স্বাস্থ্য সংস্থা দাবি করেছে, ল্যাবের কাজের সঙ্গে এই মৃত্যুর কোনো সরাসরি সম্পর্ক নেই। তাদের ভাষ্য, সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসনও নড়েচড়ে বসেছে। ক্রেমলিন সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দিয়ে কেবল সরকারি খবরের ওপর ভরসা রাখার আহ্বান জানিয়েছে।
আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা পুরো পরিস্থিতির ওপর অত্যন্ত সতর্কতার সঙ্গে নজর রাখছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সাধারণ মানুষের জন্য আপাতত বড় কোনো স্বাস্থ্যঝুঁকি নেই।
তব বাড়তি সতর্কতা হিসেবে আইরকুস্ক থেকে দেড় হাজার মাইল দূরের দেশ কিরগিজস্তান সীমান্ত চেকপোস্টগুলোতে কড়াকড়ি বাড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নিউমোনিক প্লেগ অত্যন্ত ভয়ংকর হলেও সাধারণ সর্দি-কাশির মতো সহজে বাতাসে ছড়ায় না। সাইবেরিয়ার বন্যপ্রাণীদের মধ্যে এর জীবাণু প্রাকৃতিকভাবেই বিদ্যমান। চিকিৎসকদের মতে, রোগটি মারাত্মক হলেও সময়মতো অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে সম্পূর্ণ নিরাময় সম্ভব।
রাশিয়ার সাইবেরিয়ায় অজানা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২৮ বছর বয়সি গবেষক দারিয়া শিপিলোভার মৃত্যু ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে। তার সংস্পর্শে আসা প্রায় দুইশ মানুষকে পর্যবেক্ষণ ও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হাসপাতালের একটি অংশও কোয়ারেন্টাইন করা হয়েছে। তবে রাশিয়ার সরকারি স্বাস্থ্য সংস্থা বলছে, ল্যাবের কাজের সঙ্গে মৃত্যুর সরাসরি সম্পর্ক নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, সাধারণ মানুষের জন্য আপাতত বড় কোনো স্বাস্থ্যঝুঁকি নেই।
—জা. অর্থনীতি/এলএটি