মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের মাঝের গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে তিনটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে স্থানীয় কয়েকজন কৃষক জমিতে যাওয়ার পথে কবরস্থানের পাশে ছোট বাচ্চাগুলোকে ঘুরে বেড়াতে ও খেলতে দেখেন।
পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় কয়েকজন যুবক ঘটনাস্থলে গিয়ে বাচ্ছা তিনটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
স্থানীয় অধিবাসীদের ধারণা, পার্শ্ববর্তী কোনো ঝোপঝাড় বা নিরাপদ গর্ত থেকে মুখ বের করে বাচ্চাগুলো ভুলবশত লোকালয়ে বা কবরস্থানের খোলা স্থানে চলে এসেছিল। প্রথমে উদ্ধারের পর বাচ্চাগুলোকে পুনরায় ওই এলাকাতেই ছেড়ে দেওয়ার কথা ভাবা হলেও, বন্যপ্রাণী সংরক্ষণে ঝুঁকি এড়াতে বন বিভাগকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সচেতন মহল জানান, কোনো বিশেষজ্ঞ পরামর্শ বা বন্যপ্রাণী ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপস্থিতি ছাড়া এসব বন্য বাচ্চা স্থানান্তরিত করা কিংবা অবাধে ছেড়ে দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। এ কারণে বাচ্চাগুলোর সঠিক পরিচর্যা ও প্রাকৃতিক পরিবেশে নিরাপদ পুনঃপ্রবেশ নিশ্চিত করতে অবিলম্বে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
—জা. অর্থনীতি/এলএটি