Print Date & Time : 08 November 2026 Sunday 12:27 pm

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

image

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যের মাজাতলান শহরের এল কাস্তিয়ো কারাগারে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। নিহতদের মধ্যে নয়জন বন্দি এবং একজন অপ্রাপ্তবয়স্ক দর্শনার্থী রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শুক্রবার (৯ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার সিনালোয়া রাজ্যের জননিরাপত্তা সচিবালয় কারাগারের ভেতরে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে।

রাজ্যের জননিরাপত্তা সচিব সিনুহে তেলেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জানান, নিহত দর্শনার্থী একজন অপ্রাপ্তবয়স্ক। সংঘর্ষে আহত ১৬ বন্দিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জননিরাপত্তা সচিবালয়।

কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের পর বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি দল কারাগারে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কারাগারটি নিয়ন্ত্রণে রয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছেন।

নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন সমাজকর্মীরা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কারাগারে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া কারাগারের অন্য বন্দিরা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিনালোয়া রাজ্যে মাদক চোরাচালানকারী সিনালোয়া কার্টেলের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। নিরাপত্তাঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মেক্সিকোর যে ছয়টি রাজ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে, সিনালোয়া তার একটি।

তবে কারাগারে সংঘটিত এই সংঘর্ষের সঙ্গে মাদক কার্টেলের বিরোধের কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ।

জা.অর্থনীতি/এসআই