Print Date & Time : 24 October 2026 Saturday 01:06 am

সারাদেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ

image

অনলাইন ডেস্ক: কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে সারাদেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচিতে ৬০ শতাংশ নারী ও ৪০ শতাংশ পুরুষকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলার ২০৮টি উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রকল্পের আওতায় কৃষি, বীজ, নার্সারি, মাশরুম, ভার্মিকম্পোস্ট, পাটজাত ও দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন খাতে উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। উদ্যোক্তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। পাশাপাশি আলু, আম, কাঁঠাল, টমেটো ও সুগন্ধি চালের মূল্যশৃঙ্খল উন্নয়নে কাজ করা হচ্ছে।

প্রকল্পের এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. মুহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক জানান, এ পর্যন্ত ৬ হাজার ৮৭৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি বছর আরও প্রায় ৭ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, বাজারসংযোগ ও ইনকিউবেশন সহায়তা দেওয়া হচ্ছে।

প্রশিক্ষিত উদ্যোক্তাদের খাদ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি কেনায় ৭০ শতাংশ ভর্তুকি দেওয়া হবে। বাকি ৩০ শতাংশ ব্যয় বহন করবেন উদ্যোক্তারা।

প্রকল্পের আওতায় কৃষিপ্রধান এলাকায় ইতোমধ্যে ৭৬৭টি মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল গড়ে তোলা হয়েছে। এসব স্কুলে কৃষক, ব্যবসায়ী, উদ্যোক্তা, হিমাগার মালিক ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্ত করা হচ্ছে।

গাজীপুরের তরুণ উদ্যোক্তা তামিমা আক্তার ন্যান্সি প্রশিক্ষণ নিয়ে ‘ন্যান্সি অ্যাগ্রো অ্যান্ড ফুড’ প্রতিষ্ঠা করেছেন। তাঁর প্রতিষ্ঠানে বর্তমানে চারজন কাজ করছেন। কৃষি খাতে উদ্যোক্তা তৈরির এ উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণের প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা।

জা.অর্থনীতি/এসআই