Print Date & Time : 28 October 2026 Wednesday 12:53 am

হাইজ্যাকের সংকেত পেয়ে এয়ার ইন্ডিয়ার জরুরি অবতরণ

image

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে সম্ভাব্য ছিনতাইয়ের সংকেত পাওয়ার পর ভারতের জয়পুরে জরুরি অবতরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে এ ঘটনায় বিমানবন্দর ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সতর্কতা তৈরি হয়। তবে বিমানটি নিরাপদে অবতরণ করেছে।

বিমানটির পাইলট কয়েক সেকেন্ডের জন্য ‘স্কোয়াক-৭৫০০’ সংকেত পাঠান। আন্তর্জাতিক বিমান চলাচলে এই কোড ছিনতাই বা বিমানে বেআইনি হস্তক্ষেপের পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়। সংকেত পাওয়ার পর আমদাবাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। পরে গতিপথ পরিবর্তন করে সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার এআই-২০৩০ ফ্লাইটটি।

অবতরণের পর বিমানটিকে বিমানবন্দরের নির্ধারিত আইসোলেশন এলাকায় নেওয়া হয়। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি ও পরীক্ষা চালান। তবে কী কারণে পাইলট ওই সংকেত পাঠিয়েছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সৌদি আরবের পরিস্থিতির কারণে রিয়াদগামী ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়েছে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ১৪ অক্টোবর পর্যন্ত এবং এয়ার ইন্ডিয়া ১৫ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়া হচ্ছে। পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিনা খরচে টিকিটের তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বেঙ্গালুরু, কোচি, কান্নুর ও কোঝিকোড় থেকে সপ্তাহে মোট ১৬টি ফ্লাইট পরিচালনা করে রিয়াদে। অন্যদিকে এয়ার ইন্ডিয়া দিল্লি ও মুম্বাই থেকে সপ্তাহে সাতটি ফ্লাইট চালায়। আকাশা এয়ারও ১১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছিল।

জা.অর্থনীতি/এসআই