Print Date & Time : 25 October 2026 Sunday 01:15 am

সমুদ্র কেড়ে নিচ্ছে বাবার কবর, পুরস্কার পেল শেষ জিয়ারতের ছবি

image

জাতীয় অর্থনীতি ডেস্ক: সমুদ্রের ভাঙনে হারিয়ে যাচ্ছে বাবার কবর। অল্প কিছুক্ষণ পরই হয়তো বিলিন হয়ে যাবে কবরটি। আর কখনোই প্রিয় বাবার কবরের সমানে দাঁড়ানোর সুযোগ মিলবে না। মিলবে না সামনে দাঁড়িয়ে জিয়ারত করার সুযোগও। তাই কবরটি ভেঙে পড়ে যাওয়ার আগে শেষ বারের মতো জিয়ারত করে নিচ্ছেন ছেলে। এমনই একটি হৃদয়ছোঁয়া আলোকচিত্র প্রদর্শিত হয়েছে ‘Waves of Life’ শিরোনামে, সমুদ্র ও উপকূলের আলোকচিত্র নিয়ে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালায় আয়োজিত প্রদর্শনীতে।

গত ১৮ অক্টোবর থেকে ৫দিনব্যাপী চলা এই প্রদর্শনীতে আসা সকল দর্শনার্থীর হৃদয় ছুঁয়েছে এই ছবিটি। এই ছবি দেখে দর্শনার্থীই বলেছেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী রাষ্ট্রগুলো থেকে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে যদি ক্ষতিপূরণ পায়ও, পরিবারের পূর্বসূরির শেষ স্মৃতিচিহ্ন (কবর) হারানোর ক্ষতিপূরণ কি হতে পারে? ছবিটি কাঁদিয়েছেও অসংখ্য দর্শনার্থীকে। ফলে দর্শক ভোট ও বিচারকমণ্ডলীর বিচারে প্রতিযোগিতার সেরা আলোকচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে এই ছবিটি।

ছবিটি তুলেছেন ভেটেরেনারি চিকিৎসক ও আলোকচিত্রী ডা. ইমরান পারভেজ। তিনি বলেন, ছবিটি সম্ভাবত ২০২১ বা ২২ সালের। আমি তখন ভাষানচরে রোহিঙ্গা ক্যাম্পের একটি এনজিওতে চাকরি করতাম। আসা যাওয়ার পথে বিভিন্ন ছবি তুলতাম। একদিন ভাষানচরে যাওয়ার পথে নোয়াখালীর জনতাঘাট এলাকায় ছবি তুলছিলাম। তখন চোখে পড়ে ভাঙনের কবলে বিলীন হতে যাওয়া একটি কবরস্থান, যেখানে অনেকগুলো কবর ছিলো। কিন্তু ধীরে ধীরে কবরগুলো সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছিল। আমি তখন দেখতে পাই সমুদ্রে অংশে দাঁড়িয়ে এই ছেলেটি কবর জিয়ারত করছিলো। কবরটির শেষ অংশ তখনো মাটির সঙ্গে সংযুক্ত ছিলো। হয়তো আর কিছুক্ষণ পরই বিলীন হয়ে যাবে।