Print Date & Time : 26 October 2026 Monday 11:16 am

হুথি হামলার পর আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল সৌদি বিমানবন্দরকর্মীর

image

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনায় অন্য যাত্রী ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বিমানবন্দরকর্মী সুলতান আল-কাহতানি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় অতিরিক্ত ধোঁয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

গত ২১ অক্টোবর সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর প্রস্থান গেটের কাছে আগুন ধরে যায়। এ সময় রানওয়েতে থাকা বিমান ও যাত্রীদের নিরাপদ রাখতে দ্রুত আগুন নেভানোর কাজে যোগ দেন সুলতান ও তার সহকর্মীরা।

অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা। তবে এই কাজ করতে গিয়ে অতিরিক্ত ধোঁয়ার মধ্যে পড়ে অসুস্থ হয়ে যান সুলতান। একপর্যায়ে তার বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহত সুলতান আল-কাহতানি ছয় সন্তানের জনক ছিলেন। তার বাবা ছেলের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, দেশ ও মানুষের সেবা করতে গিয়েই জীবন দিয়েছেন সুলতান।

বিমানবন্দরে হামলার পর সৃষ্ট আগুনে অন্য যাত্রী ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন তিনি। সহকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নিয়ে শেষ পর্যন্ত প্রাণ হারান এই কর্মী।

অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে সুলতানের এমন মৃত্যুতে সৌদি আরবজুড়ে তার সাহসিকতার প্রতি শ্রদ্ধা ও প্রশংসা জানানো হচ্ছে।

জা.অর্থনীতি/এসআই