Print Date & Time : 26 October 2026 Monday 11:59 pm

জামালপুরে বিজিবির অভিযানে ৯০ লাক্ষ টাকার ভারতের কাপড় জব্দ

image

জামালপুর প্রতিনিধি: জামালপুর ও কুড়িগ্রাম সীমান্তবর্তী এলাকায় নৌকায় করে অবৈধভাবে বাংলাদেশে আনার সময় বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ৪ হাজার ২৭২ মিটার বিভিন্ন ব্র্যান্ডের এই থান কাপড় ও পরিবহনে ব্যবহৃত নৌকাটির আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ ৬৪ হাজার টাকা।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, এর আগে শুক্রবার রাতে সাহেবের আলগা বিওপির একটি বিশেষ দল সীমান্তের ১০৪৭ নম্বর প্রধান পিলারের কাছে মেকুরআলগা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ওই সময় নৌকাযোগে চোরাচালানের কাপড় আনা হচ্ছে জানতে পেরে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার সকালে জব্দ করা চোরাচালানের মালামাল ও নৌকার বিষয়ে কাস্টমস নিয়মসহ প্রচলিত আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  

—জা. অর্থনীতি/এলএটি