Print Date & Time : 27 October 2026 Tuesday 12:56 pm

ম্যাচ শুরুর ১৫ মিনিটেই রিচার্ড ভাঙলেন ইংলিশ ফুটবলের রেকর্ড

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: ইংলিশ ফুটবলে এক অবিশ্বাস্য ও ঐতিহাসিক কীর্তি গড়েছেন কুইন্স পার্ক রেঞ্জার্সের তরুণ ফরোয়ার্ড রিচার্ড কোনে। ইএফএল চ্যাম্পিয়নশিপে সোয়ানসি সিটির বিপক্ষে ম্যাচের শুরুতেই মাত্র ১৫ মিনিটের মাথায় হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন তিনি। ২৩ বছর বয়সী এই আইভোরিয়ান স্ট্রাইকারের এমন ঝোড়ো সূচনায় ভর করে সোয়ানসি সিটিকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কুইন্স পার্ক রেঞ্জার্স।

শনিবার (২৪ অক্টোবর) ঘরের মাঠ লফটাস রোডে ম্যাচের ২য় মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন রিচার্ড কোনে। এরপর ৯ম মিনিটে নিজের দ্বিতীয় এবং ১৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ইংলিশ ফুটবলের শীর্ষ চার লিগের ইতিহাসে ম্যাচ শুরুর পর এত দ্রুত সময়ে হ্যাটট্রিক করার নজির আগে আর দেখা যায়নি।

এই ঝোড়ো হ্যাটট্রিকের মাধ্যমে কোনে ২০১৫ সালে সাউদাম্পটনের হয়ে সাদিও মানের ১৬ মিনিটে করা দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডটি ভেঙে দেন। চলতি মৌসুমে দীর্ঘদিন গোলখরায় ভোগার পর এই এক ম্যাচেই ফর্মে ফেরার শক্ত জানান দিলেন তিনি।

কোনের দুর্দান্ত পারফরম্যান্স ও এই বড় জয়ে ইএফএল চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে কুইন্স পার্ক রেঞ্জার্স; তারা এখন প্লে-অফ খেলার দৌড়ে থাকা ৮ম স্থানে উঠে এসেছে।

জা. অর্থনীতি/এআর