আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের গুরুত্বপূর্ণ দুই শহর মক্কা ও জেদ্দায় জরুরি সতর্কতা জারির পর স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে কী কারণে এই সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ পবিত্র নগরী মক্কা ও বন্দরনগরী জেদ্দায় এ সতর্কতা জারি করে।
সতর্কবার্তা পাওয়ার পর বাসিন্দাদের দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে সম্ভাব্য বিপদের ধরন, এর ব্যাপ্তি কিংবা সতর্কতার মেয়াদ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, ইয়েমেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। অতীতে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে। ফলে নতুন করে জারি করা সতর্কতা ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
তবে মক্কা ও জেদ্দায় সতর্কতা জারির সঙ্গে হুথিদের হামলা কিংবা ইয়েমেনের সংঘাতের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষও সতর্কতা জারির পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি।
পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কতার প্রকৃত কারণ জানতে দেশটির কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।
জা.অর্থনীতি/এসআই