Print Date & Time : 26 October 2026 Monday 08:21 pm

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খান

image

বিনোদন ডেস্ক: পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে দেশটির অভিনেতাদের নিয়েও বাংলাদেশের দর্শকদের আগ্রহ বাড়ছে। সেই আগ্রহের কেন্দ্রেই রয়েছেন বিলাল আব্বাস খান। আগামী ৬ নভেম্বর ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় এই অভিনেতা। তাকে সরাসরি দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তার বাংলাদেশি ভক্তরা।

পাকিস্তানের লাইফস্টাইল ও ফ্যাশনবিষয়ক প্রদর্শনী ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’-এর পঞ্চম আসরে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন বিলাল আব্বাস। তার সঙ্গে বাংলাদেশে আসার কথা রয়েছে তার মা ও ফ্যাশন ডিজাইনার ফারহানা সোহেলের। প্রদর্শনীতে ফারহানা সোহেলের নকশা করা পোশাকও স্থান পাবে।

রাজধানীর গুলশান-১-এর গুলশান শুটিং ক্লাবে আগামী ৪ থেকে ৮ নভেম্বর পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এটি। প্রদর্শনীর তৃতীয় দিন ৬ নভেম্বর সেখানে উপস্থিত থাকবেন বিলাল আব্বাস।

আয়োজনে পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক, বিয়ের পোশাকের বিশেষ সংগ্রহ, বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের পণ্য এবং দেশটির ঐতিহ্যবাহী খাবার প্রদর্শন করা হবে। পাকিস্তানের ফ্যাশন, সংস্কৃতি ও জীবনধারার সঙ্গে বাংলাদেশের দর্শনার্থীদের পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

বিলাল আব্বাস পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও পরিচিতি পেয়েছেন। ‘ইশক মুর্শিদ’, ‘মেরি জিন্দেগি হ্যায় তু’, ‘মান জোগি’, ‘পেয়ার কে সদকে’ ও ‘চিখ’-এর মতো নাটকে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। বিশেষ করে হানিয়া আমিরের সঙ্গে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে তার জুটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। ঢাকায় তার আগমন ঘিরে তাই ভক্তদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে।

জা.অর্থনীতি/এসআই