Print Date & Time : 28 October 2026 Wednesday 03:54 am

নিখোঁজের ৪ দিন পর ব্যক্তির মরদেহ মিলল ধানখেতে

image

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ধানখেত থেকে নিখোঁজের ৪ দিন পর মনোরঞ্জন মন্ডল (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী এলাকার একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মনোরঞ্জন মণ্ডল শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ৪ দিন আগে ধানক্ষেতে কীটনাশক প্রয়োগের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মনোরঞ্জন মন্ডল। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান। আজ সকালে শৈলখালীর একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা মরদেহটি মনোরঞ্জন মন্ডলের বলে শনাক্ত করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গত ৪ দিন ধরে মনোরঞ্জন মন্ডল নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন ও এলাকাবাসী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

সকালে শৈলখালী মাঠের একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে ঠিক কি কারণে বা কিভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। রহস্য উদঘাটনের চেষ্টা করছে। মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

—জা. অর্থনীতি/এনজে