Print Date & Time : 28 October 2026 Wednesday 06:09 am

আবার একসঙ্গে দুই কিংবদন্তি

image

বিনোদন প্রতিবেদক: দেশের নাট্যাঙ্গনের দুই জীবন্ত কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর। একসঙ্গে অসংখ্য দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন এই নন্দিত জুটি। কিছুদিন আগেই তাদের অভিনীত ‘লাইফ ইজ বিউটিফুল’ নাটকটি বেশ প্রশংসিত হয়েছে।

তারই ধারাবাহিকতায় আবারও এক নাটকে জুটি বাঁধলেন এই দুই গুণী শিল্পী। নাটকটির নাম ‘আহারে জীবন’। আগের নাটকটির মতো এটিও পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী এবং রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। এরই মধ্যে নাটকটির শুটিংয়ের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই নাটকে জ্যেষ্ঠ এই দুই তারকার পাশাপাশি দেখা যাবে এ প্রজন্মের জনপ্রিয় জুটি ইরফান সাজ্জাদ ও সুনেরাহ বিনতে কামালকে।

দীর্ঘ ক্যারিয়ারে চয়নিকা চৌধুরী সাড়ে চার শতাধিক নাটক নির্মাণ করেছেন। এর মধ্যে কেবল আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে প্রায় দুই শতাধিক নাটক তৈরি করেছেন তিনি। এই দুই শিল্পীর সঙ্গে নিজের কাজের বোঝাপড়া নিয়ে নির্মাতা বলেন, এই দুই কিংবদন্তি শিল্পী আমার পরিচালনায় শত শত নাটকে অভিনয় করেছেন, এটা আমার পরম সৌভাগ্য। নাটকে আবুল হায়াত আর ডলি জহুরের উপস্থিতি মানেই এই নাটকের প্রতি দর্শকের প্রত্যাশা বেড়ে যায় অনেক। আমি দুজন শিল্পীর প্রতিই কৃতজ্ঞ।

নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে ‘আহারে জীবন’ নাটকটি।