Print Date & Time : 08 November 2026 Sunday 12:50 am

কাপনা নদীতে সেতুর অভাব, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

image

সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার কাপনা নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় দীর্ঘদিন ধরে যোগাযোগের চরম দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত ১০টি গ্রামের হাজার হাজার মানুষ। প্রতিদিনের যাতায়াতে কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও জরুরি রোগীদের অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে নৌকাযোগে নদী পার হতে হচ্ছে।

জানা গেছে, উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের দাতারী ও বলেশ্বর গ্রামের মধ্যবর্তী কাপনা নদীতে কোনো স্থায়ী সেতু নেই। হাকুর বাজার-মানিকগঞ্জ পাকা সড়ক থেকে ডৌবাড়ী ঘোড়াইল কলেজ ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাতায়াতের সংযোগ সড়কের এই ঘাটে প্রতিদিন দাতারী, বলেশ্বর, শ্রীনাথপুর, বাবনছটি, খলারছটিসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে যাতায়াত করতে হয়।

ওই সংযোগ সড়কের পাশেই রয়েছে বলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলেশ্বর জামে মসজিদ, কান্দিগ্রাম-নগরডেংরি সড়ক, ঐতিহ্যবাহী মিছবাহুল উলূম ঘোড়াইল মাদ্রাসা, ডৌবাড়ী ঘোড়াইল কলেজ, ডৌবাড়ী স্বাস্থ্য কেন্দ্র, মনসুর মহসিন উচ্চ বিদ্যালয় এবং ইউনিয়ন পরিষদ কার্যালয়। সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও কাপনা নদীতে সেতু না থাকায় এসব প্রতিষ্ঠানে যাতায়াতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তির শেষ নেই।

বিশেষ করে বর্ষা মৌসুমে খেয়া নৌকায় পারাপার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি থাকে। স্থানীয় বাসিন্দা মো. মোতাহির আলম ও শিক্ষক নাসরিন নাহার জানান, দীর্ঘ দুই দশক ধরে এই ঘাটে সেতুর দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ১ ডিসেম্বর তৎকালীন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম স্থানটি সরেজমিনে পরিদর্শন করলেও পরবর্তী সময়ে কাজের কোনো অগ্রগতি হয়নি। জনস্বার্থে দ্রুততম সময়ে সেতু নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।  

—জা. অর্থনীতি/এলএটি