Print Date & Time : 07 November 2026 Saturday 05:38 pm

কুলাউড়ায় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে সুনিয়া আক্তার (১৬) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুনিয়া আক্তার জেলার কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের কুদ্দুছ মিয়া ড্রাইভারের দ্বিতীয় মেয়ে। সে চৌধুরী বাজার জি এস কুতুবশাহ আলিম মাদ্রাসার দশম শ্রেণির মেধাবী ছাত্রী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, সুনিয়ার দশম শ্রেণির টেস্ট পরীক্ষা চলছিল এবং আগামী রোববার তার শেষ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টেস্ট পরীক্ষা শেষে আসন্ন দাখিল পরীক্ষার জন্য সে প্রস্তুতি নিচ্ছিল।

স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপ সুনিয়াকে কামড় দেয়। টের পাওয়ার পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছাতে কিছুটা বিলম্ব হওয়ায় এবং অতিরিক্ত বিষক্রিয়া ছড়িয়ে পড়ায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সাপের বিষক্রিয়া মারাত্মকভাবে ছড়িয়ে পড়ায় এবং রোগীকে হাসপাতালে আনতে কিছুটা দেরি হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু রোধ করা সম্ভব হয়নি।

আসন্ন পরীক্ষার ঠিক আগমুহূর্তে এমন মৃত্যুর খবরে নিহত ছাত্রীটির পরিবারে চলছে শোকের মাতম। পাশাপাশি গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

—জা. অর্থনীতি/এলএটি