Print Date & Time : 08 November 2026 Sunday 02:05 am

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

image

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে আকস্মিক ভয়াবহ বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। পাবনার পুলিশ সুপার (এসপি) আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে।  

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল চারটার দিকে সোনাপাতিল বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পাবনা সদর উপজেলার গঞ্জমতি গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রব্বেল হোসেন (২২), শাহজাহান আলীর ছেলে মিজান আলী (১২), মনিরুল ইসলামের ছেলে সাজিদ হোসেন (১০), শাহাদত প্রামানিকের ছেলে আব্দুল্লাহ প্রামানিক (১৮) এবং ইবাদুল হোসেনের ছেলে ইমন হোসেন (১৪)। নিহতদের মধ্যে মিজান, সাজিদ, আব্দুল্লাহ ও ইমন-এই চারজন সম্পর্কে পরস্পর চাচাতো ভাই।

এ ছাড়া দুর্ঘটনায় আহত দুজন হলেন-গঞ্জমতি গ্রামের আতাপ আলীর ছেলে রিপন (৩২) এবং অন্য এক অজ্ঞাতপরিচয় কিশোর (১৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নিহত ও আহত ব্যক্তিরা সোনাপাতিল বিলে শখ করে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। বিকেল চারটার দিকে হঠাৎ বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হলে তারা বিলের পাশেই জেলেদের তৈরি একটি অস্থায়ী টিনের ছাউনিতে আশ্রয় নেন। এ সময় বিকট শব্দে সরাসরি ছাউনির ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের করুণ মৃত্যু হয়।

পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পাবনা সদর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আহমদ আলী সরকার বলেন, "ঘটনার খবর পাওয়া মাত্রই আমি ক্ষতিগ্রস্ত গ্রামে পরিদর্শনে গিয়েছি। মর্মান্তিকভাবে প্রাণ হারানো তরুণ ও কিশোরদের সবাই স্থানীয় কৃষক পরিবারের সন্তান। তাদের তালিকা প্রস্তুত করে দ্রুত জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে, যাতে সরকারের পক্ষ থেকে স্বজনরা প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন।"

এদিকে একই এলাকার ছয়জন এবং বিশেষ করে একই পরিবারের চার তরুণের আকস্মিক মৃত্যুর খবরে এলাকা জুড়ে শোকাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো নলমুড়া ও গঞ্জমতি গ্রাম।

(এসপি) জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজ পরিচালনা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর দল ঘটনাস্থলে পাঠানো হয়।

—জা. অর্থনীতি/এলএটি