Print Date & Time : 07 November 2026 Saturday 03:08 pm

বরিশাল বোর্ডে পাসের হার ৪৫ শতাংশের নিচে, কমেছে জিপিএ-৫

image

বরিশাল প্রতিনিধি: এইচএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫- উভয় সূচকেই বড় ধরনের অবনতি ঘটেছে। এ বছর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৯৫০ জন শিক্ষার্থী।

একই সঙ্গে বরিশাল বোর্ডের আওতাধীন ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি; অর্থাৎ এসব প্রতিষ্ঠানে পাসের হার শূন্য।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা বোর্ডের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।

আরও পড়ুন: কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪%, জিপিএ-৫ ১,৩১৩

ফলাফল প্রকাশের সময় পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, "এবারের ফলাফল অত্যন্ত বস্তুনিষ্ঠ, যথাযথ পর্যালোচনা ও সঠিক মূল্যায়নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।"

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বরিশাল বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫ হাজার ৯৭০ জন শিক্ষার্থী।

আরও পড়ুন: যশোর বোর্ডে ৪ বছরের সর্বনিম্ন ফল, ১৬ প্রতিষ্ঠানে সবাই ফেল

বোর্ডের বিগত বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত বছর (২০২৫) বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। সেই হিসাবে মাত্র এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ পয়েন্ট (১৭.৭৩%) এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭২৪ জন।

আপনার প্রেরিত কোনো সংবাদে সংশোধন কিংবা নতুন কোনো আঞ্চলিক রিপোর্ট এডিট করার প্রয়োজন থাকলে জমা দিতে পারেন।  

—জা. অর্থনীতি/এলএটি