কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে মৌমাছির কামড়ে খলিলউল্লাহ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মর্জিনা খাতুন (৬০) নামের অপর এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খলিলউল্লাহ ওই গ্রামের মৃত জামাতউল্লাহর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, শনিবার সকালে নিজ বাড়ির পাশের জমিতে বেগুনখেতে নিড়ানির কাজ করছিলেন খলিলউল্লাহ। এ সময় হঠাৎ পাশের একটি গাছের মৌমাছির চাকে একটি বাজপাখি আক্রমণ করলে মৌমাছির বিশাল দলটি ক্ষিপ্ত হয়ে ওঠে। মৌমাছির দলটি চারদিকে ছড়িয়ে পড়ে খলিলউল্লাহ এবং পাশের বাড়ির মর্জিনা খাতুনকে উপর্যুপরি কামড়াতে শুরু করে। এতে দুজনই গুরুতর আহত হন।
তাদের আর্তচিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে তাদের দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খলিলউল্লাহর শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। অপরদিকে, আহত মর্জিনা খাতুন বর্তমানে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নবিউল ইসলাম জানান, মৌমাছির বিষের কারণে অনেক সময় ‘অ্যানাফাইল্যাক্সিস’ বা তীব্র অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া হতে পারে। এ ধরনের আকস্মিক প্রতিক্রিয়ায় রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং সঠিক সময়ে চিকিৎসা না পেলে প্রাণহানির আশঙ্কা থাকে।
—জা. অর্থনীতি/এলএটি