জাতীয় অর্থনীতি বিনোদন: ২০০৬ সালের জনপ্রিয় সুপারহিট কমেডি সিনেমা ‘মালামাল উইকলি’র সিক্যুয়েল নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় জোর চর্চা চলছে। তবে এবার বড় পরিবর্তনের খবর নিশ্চিত করলেন মূল ছবির নির্মাতা প্রিয়দর্শন, নতুন পর্বে আর তিনি থাকছেন না পরিচালকের আসনে।
ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়দর্শন স্পষ্ট জানিয়েছেন, তিনি আর কোনো সিক্যুয়েলে কাজ করতে চান না। তার এই সরে দাঁড়ানোর পর ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’খ্যাত পরিচালক অমিত জোশীকে সিক্যুয়েলটির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু পরিচালকই নন, ছবির কলাকুশলীতেও আসছে রদবদল। আগের পর্বের অন্যতম জনপ্রিয় মুখ রিতেশ দেশমুখও থাকছেন না এই কিস্তিতে।
লটারি ও এক মৃতদেহের অর্থ হাতিয়ে নেওয়া ঘিরে গ্রামের সাধারণ মানুষের নানা হাস্যরসাত্মক কর্মকাণ্ড নিয়ে তৈরি হয়েছিল মূল ‘মালামাল উইকলি’। সিক্যুয়েলে নতুন গল্প ও অভিনয়শিল্পী যুক্ত হলেও গ্রামীণ প্রেক্ষাপট এবং ভুল-বোঝাবুঝির সেই চেনা কমেডি ঘরানা ঠিকই বজায় থাকবে বলে জানা গেছে। খুব শিগগিরই নতুন অভিনয়শিল্পীদের আনুষ্ঠানিক নাম ঘোষণা করবেন প্রযোজনা সংস্থা।
জা. অর্থনীতি/এআর