Print Date & Time : 07 November 2026 Saturday 12:24 pm

তাড়াইলে বাড়ছে বায়ুদূষণ, ছড়াচ্ছে রোগজীবাণু

image

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সর্বত্র দিনদিন বেড়েই চলছে বায়ুদূষণ। উপজেলার বিভিন্ন হাট-বাজার ও রাস্তাঘাটে বায়ুদূষণের প্রকোপ অত্যন্ত বেড়ে গেছে। এতে মানুষের মাঝে দেখা দিয়েছে শ্বাসকষ্ট, হাঁচি-কাশিসহ বিভিন্ন রোগ-জীবাণুর সংক্রমণ। তবে বায়ুদূষণের সবচেয়ে বেশি শিকার হচ্ছে শিশু ও বয়স্করা।

বুধবার (৪ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাটে বড় বড় ট্রাক, লড়িসহ বিভিন্ন যানবাহন আচ্ছাদনহীনভাবে বালু পরিবহন করছে। কিন্তু দেশের প্রচলিত আইন অনুযায়ী বালু বহনের ক্ষেত্রে পুরো যানবাহনকে আচ্ছাদিত করে রাখার নিয়ম থাকলেও তারা তা মানছেন না। ফলে ট্রাকের মতো অন্যান্য যানবাহনও ঢাকনাবিহীন বেপরোয়া গতিতে চলার সময় বালু বাতাসে উড়ে ধূলাদূষণ দেখা দিয়েছে। এতে পথচারীসহ বিভিন্ন যানবাহনের আরোহীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। বালুবাহী যানবাহন যেন কাপড় দিয়ে আচ্ছাদন করা হয় সে বিষয়ে কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের কালনা গ্রামের প্রবীণ বাসিন্দা চান্দু ভুঁইয়া জানান, শুষ্ক মৌসুমে বাইরে বের হলেই অসুস্থ হয়ে পড়েন। রাস্তায় ধুলাবালির কারণে শ্বাসকষ্ট ও হাঁচি-কাশি দেখা দেয়। শুধুমাত্র সড়কের ধুলার কারণেই এমনটা হয় বলে জানান তিনি।

তাড়াইল উপজেলার স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. অতিশ দাস রাজীব জানান, উপজেলায় বায়ুদূষণে হাসপাতালে শ্বাসকষ্ট, হাঁচি-কাশি রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। তবে বায়ুদূষণ প্রতিরোধে সচেতন না হলে ভবিষ্যতে জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়বে বলে জানান তিনি। 

—জা. অর্থনীতি/এনজে