Print Date & Time : 08 November 2026 Sunday 05:59 pm

আজ আদালতে যাচ্ছেন পরীমনি

image

বিনোদন ডেস্ক: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় নতুন করে আইনি জটিলতায় পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বৃহস্পতিবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন তিনি।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানিয়েছেন, তারা আদালতে জামিনের আবেদন করবেন। এ সময় আদালত তার জামিন মঞ্জুর করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বুধবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। এদিন মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ থাকলেও অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। তার আইনজীবী অ্যালার্জিজনিত অসুস্থতার কথা উল্লেখ করে সময়ের আবেদন করেন। তবে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল ওই আবেদনের বিরোধিতা করেন। পরে আদালত সময়ের আবেদন নাকচ করে পরোয়ানা জারির নির্দেশ দেন। আগামী ২৩ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ মামলাটি করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ১৮ মার্চ পিবিআই পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন দেয়।

২০২৫ সালের ২৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বোট ক্লাবে মারধর ও ভাঙচুরের অভিযোগে করা এ মামলার পাশাপাশি পরীমনির করা ধর্ষণচেষ্টার মামলাও বিচারাধীন রয়েছে।

জা.অর্থনীতি/এসআই