Print Date & Time : 08 November 2026 Sunday 05:33 pm

হরমুজ প্রণালিতে ২ তেলবাহী জাহাজে আগুন

image

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজ ও একটি টাগবোটে আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে দুটি মার্কিন ড্রোন অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে দেশটির বাহিনী।

আইআরজিসির দাবি, হরমুজ প্রণালি দিয়ে অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করায় জাহাজগুলোতে আগুন লাগে। তাদের ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট ড্রোন দুটি নিয়ন্ত্রণে নেয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ইরানের প্রতি ওয়াশিংটনের নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার ভাষ্য, ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের বৈরিতা অব্যাহত থাকবে।

অন্যদিকে, ইরানে হামলার কারণে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয় হয়েছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতেই এই হামলা প্রয়োজন ছিল বলে দাবি করেছেন তিনি।

এদিকে, হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। বাহিনীটির দাবি, পূর্বাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের আল-দাহিদা পর্বতমালার আরও ভেতরে তারা অগ্রসর হচ্ছে। এর আগে ওই এলাকার উঁচু স্থানগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছিল তারা।

ইরানে নতুন করে মার্কিন সামরিক হামলা হলে আরও বিস্তৃত পরিসরে জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মোজতবা খামেনি। ইরানের জাতীয় অহংকারের বিরুদ্ধে লড়াই দিবস উপলক্ষে দেওয়া বার্তায় তিনি বলেন, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা ওয়াশিংটনের পদক্ষেপের জবাব। একই সঙ্গে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রশংসা করে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

জা.অর্থনীতি/এসআই