আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে নিজেদের সামরিক উপস্থিতি ও অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। এ লক্ষ্যে অতিরিক্ত সেনা ও আধুনিক সামরিক সরঞ্জাম মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি সম্প্রচারমাধ্যম কেবিএস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইয়োনহাপ নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, হরমুজে মোতায়েন থাকা দক্ষিণ কোরিয়ার চেওংহে ইউনিটে নতুন করে ৭৫ জন সদস্য যুক্ত করা হবে। এতে ইউনিটটির মোট সদস্যসংখ্যা বেড়ে দাঁড়াবে ৩৯৫ জনে।
তবে হরমুজ প্রণালিতে নতুন করে সেনা পাঠানোর বিষয়ে আপত্তি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিউং। তিনি বলেছেন, এমন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হবে না, যার কারণে দক্ষিণ কোরিয়া ভবিষ্যতে কোনো বিদেশি সংঘাতে জড়িয়ে পড়তে পারে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপনের আগে মন্ত্রিসভার পর্যালোচনা এবং রাষ্ট্রপতির অনুমোদন নেওয়া হবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে হরমুজ প্রণালি ওয়াশিংটন ও তেহরানের সংঘাতের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।
২০০৯ সাল থেকে চেওংহে ইউনিটটি এ অঞ্চলে দায়িত্ব পালন করছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, ইউনিটটির কার্যক্রম ওমানের দুকম বন্দরের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিস্তৃত হবে। হরমুজ প্রণালি থেকে বন্দরটির দূরত্ব প্রায় ৬৫০ কিলোমিটার।
ইউনিটটির সক্ষমতা বাড়াতে একটি পি-৮এ পোসেইডন সামুদ্রিক টহল বিমান, চালকবিহীন মাইন প্রতিরোধক সরঞ্জাম এবং বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল পাঠানোর পরিকল্পনাও রয়েছে।
জা.অর্থনীতি/এসআই