নিজস্ব প্রতিবেদক: খুলনার ডুমুরিয়ায় শেখ তরিকুল ইসলামকে (৩৫) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর জোড়াবটলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে।
জানা গেছে, দুপুরে গফফারের চায়ের দোকানে চা পান করতে যান তরিকুল ইসলাম। এ সময় মোটরসাইকেলে আসা মুখোশধারী দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার মাথা ভেদ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলি চালিয়েই দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহত শেখ তরিকুল ইসলাম রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের ছেলে।
ডুমুরিয়া থানা পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। থানার এএসআই সোহলে জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
—জা.অর্থনীতি/আইবিএম