Print Date & Time : 08 November 2026 Sunday 02:20 pm

স্পেনে পুরস্কার পেল বাংলাদেশের দুই ছবি

image

বিনোদন প্রতিবেদক: দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক স্বীকৃতি অর্জন করছে বাংলাদেশের সিনেমা। সেই ধারাবাহিকতায় এবার স্পেনের মর্যাদাপূর্ণ ‘এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনা’-তে পুরস্কার জিতেছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ এবং মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’। উৎসবের ভিন্ন দুটি বিভাগে সম্মাননা অর্জন করেছে প্রশংসিত এই দুটি চলচ্চিত্র।

উৎসবের অফিশিয়াল সিলেকশন বিভাগে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘রইদ’। অন্যদিকে, ‘আদার ন্যারেটিভ’ বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার জিতেছে ‘দেলুপি’। স্পেনের এই উৎসবে বাংলাদেশি দুই সিনেমার এমন সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের চলচ্চিত্রকে আরও একবার গৌরবান্বিত করেছে।

এর আগে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীত—এই তিন বিভাগে পুরস্কার জিতেছিল ‘রইদ’। শুধু তা-ই নয়, আগামী বছর অনুষ্ঠেয় অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্যও নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমাটি।

‘রইদ’-এর মূল গল্প আবর্তিত হয়েছে সাদু ও তার স্ত্রী পাগলিকে কেন্দ্র করে। তাদের সম্পর্কের নানামুখী পটভূমির মধ্য দিয়ে নির্মাতা প্রেম, নীরবতা ও মানবজীবনের গভীর অনুভূতি ফুটিয়ে তুলেছেন। সিনেমাটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। চলতি বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডামে প্রদর্শনের মাধ্যমে এর আন্তর্জাতিক যাত্রা শুরু হয় এবং পরবর্তী সময়ে কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’ সিনেমার জন্য স্পেনের এই উৎসবের পুরস্কারটি দ্বিতীয় আন্তর্জাতিক স্বীকৃতি। এর আগে উত্তর আমেরিকার তাসভীর চলচ্চিত্র উৎসবে সিনেমাটির অভিনেতা চিরনজিৎ বিশ্বাস সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেছিলেন। এ পর্যন্ত দেশের বাইরের ১০টি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে সিনেমাটি। গত বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এটি।

দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রা, বাস্তবতা ও পারস্পরিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দেলুপি’। এতে রাজনীতি, ভালোবাসা, প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রাম এবং জীবন বদলে দেওয়ার নানা আকাঙ্ক্ষার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে সিনেমাটির অভিনয়ের সঙ্গে যুক্ত শিল্পীদের সবাই খুলনার স্থানীয় বাসিন্দা। এর আগে ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ ওয়েব সিরিজ নির্মাণ করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন নির্মাতা তাওকীর ইসলাম।