Print Date & Time : 07 November 2026 Saturday 01:04 pm

ভাবনার ‘যাপিত জীবন’ আসছে ২০ নভেম্বর

image

জাতীয় অর্থনীতি বিনোদন: দেশভাগ ও ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘যাপিত জীবন’ আগামী ২০ নভেম্বর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। বিখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব। বাবার পরিচালনায় এটিই ভাবনার প্রথম সিনেমা। আর সে কারণেই উচ্ছ্বসিত এই অভিনেত্রী। অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়ের যৌথ চিত্রনাট্যে রাজবাড়ীর গোয়ালন্দসহ বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। সম্প্রতি পরিবেশক সংস্থা জাজ মাল্টিমিডিয়া সিনেমাটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করার পর দর্শক মহলে ব্যাপক ইতিবাচক সাড়া দেখা গেছে।

চলচ্চিত্রটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। এ ছাড়া রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত ও ডলি জহুরসহ একঝাঁক তারকা এতে অভিনয় করেছেন। শেকড় ও অস্তিত্বের পারিবারিক গল্প নির্ভর ‘যাপিত জীবন’ দর্শকদের হৃদয়ে নতুন অনুভূতির সৃষ্টি করবে বলে আশাবাদী নির্মাতা ও কলাকুশলীরা।

জা. অর্থনীতি/এআর