জাতীয় অর্থনীতি বিনোদন: অভিনয়ের পাশাপাশি গানের চর্চায় নতুন করে নজর কাড়ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম একক কনসার্টের সাফল্যের পর এবার ফ্লোরিডায় দ্বিতীয়বারের মতো গান পরিবেশন করতে যাচ্ছেন এই তারকা।
আগামী ডিসেম্বরে ফ্লোরিডার টাম্পা শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট’-এ সংগীত পরিবেশন করবেন অপূর্ব। উৎসবের দ্বিতীয় দিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি মঞ্চে উঠবেন। এক বিশেষ ভিডিও বার্তায় অপূর্ব ভক্তদের উদ্দেশে জানান, নিউইয়র্কের পর এবার গান ও গল্পের দারুণ এক সন্ধ্যা নিয়ে ফ্লোরিডার শ্রোতাদের মুখোমুখি হবেন তিনি।

পারিবারিক কারণে বছরের একটি বড় সময় যুক্তরাষ্ট্রে কাটানো অপূর্ব জানান, সেখানকার আরও অন্তত ১২টি শহর থেকে কনসার্টের আমন্ত্রণ পেয়েছেন তিনি। অভিনয়ের ব্যস্ততার মাঝেই যুক্তরাষ্ট্রে গানের এই নতুন সফর চুটিয়ে উপভোগ করছেন অপূর্ব। ভবিষ্যতে দেশের মাটিতেও কনসার্ট করার ইচ্ছে প্রকাশ করেন এই অভিনেতা।
জা. অর্থনীতি/এআর