Print Date & Time : 07 November 2026 Saturday 02:37 pm

মিরসরাইয়ে পাচারের আগেই ৩০০ বস্তা সার জব্দ

image

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগর হয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড় এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানা-পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মো. মেহেদী হাসান রোমনকে (২৫) আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জব্দকৃত ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৫-৮৫০১) নরসিংদীর ঘোড়াশাল থেকে ছেড়ে এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ট্রাকটি থেকে মোট ৩০০ বস্তায় ১৫ টন ইউরিয়া সার উদ্ধার করা হয়। জব্দ করা এসব সারের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা। সারগুলো নৌপথে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। এর আগেও একই এলাকায় অভিযান চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ট্রাক জব্দ করেছিল জোরারগঞ্জ থানা-পুলিশ।

ওসি জানান, সাম্প্রতিক সময়ে মিরসরাইয়ের বঙ্গোপসাগর উপকূলকে সার পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে একটি চক্র। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সার ও ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আটক চালকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।  

—জা. অর্থনীতি/এলএটি