Print Date & Time : 08 November 2026 Sunday 04:43 am

অনাহারে ১৯১ জনের মৃত্যু, কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

image

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার শাকাহোলা বনে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের ঘটনায় উঠে এসেছে ধর্মীয় উগ্রতার নির্মম চিত্র। যিশুর দেখা পাওয়ার কথা বলে অনুসারীদের অনাহারে থাকতে বাধ্য করে ১৯১ জনের মৃত্যুর জন্য ধর্মীয় নেতা পল ম্যাকেনজিকে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একই মামলায় তার ২৮ সহযোগীকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিচারক ডায়ানা মোচাচে এ রায় ঘোষণা করেন। নিহতদের মধ্যে একজন ছাড়া সবাই শিশু। আদালত ম্যাকেনজিকে হত্যার দায়ে ১০০ বছর এবং অনাহারে মৃত্যুর জন্য আরও ১০০ বছরের সাজা দিয়েছেন। তবে সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে সর্বোচ্চ ১০০ বছর কারাভোগ করতে হবে। তার সহযোগীদের সর্বোচ্চ ১৬০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার প্রসিকিউশন আসামিদের মৃত্যুদণ্ড দাবি করলেও আদালত কারাদণ্ডের সিদ্ধান্ত নেন। বিচারকের মতে, মৃত্যুদণ্ডে সংশোধনের সুযোগ থাকে না।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ম্যাকেনজির অনুসারীরা তাকে যিশুর কণ্ঠস্বর মনে করতেন। তার নির্দেশ অমান্য করলে নির্যাতন ও হত্যার শিকার হতে হতো। উপবাসে অস্বীকৃতি জানানো ব্যক্তিদের মারধর করা হতো। পরে বনের গণকবরে মরদেহগুলো মাটিচাপা দেওয়া হতো।

২০২৩ সালে শাকাহোলা বনের গণকবর থেকে চার শতাধিক মরদেহ উদ্ধারের পর গ্রেপ্তার হন ম্যাকেনজি। তিনি ২০০৩ সালে ‘গুড নিউজ ইন্টারন্যাশনাল মিনিস্ট্রিজ’ প্রতিষ্ঠা করেন। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত নরহত্যা ও সন্ত্রাসবাদের অভিযোগে পৃথক বিচারও চলমান।

জা.অর্থনীতি/এসআই