Print Date & Time : 08 November 2026 Sunday 04:16 am

সাফের টিকিটে ৫০ শতাংশ ছাড়, স্বস্তিতে ফুটবলপ্রেমীরা

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে গ্যালারিতে দর্শকখরা ও উচ্চমূল্য নিয়ে দর্শকদের অসন্তোষের মুখে টিকিটের দামে বড় ছাড় দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। টুর্নামেন্টের দ্বিতীয় দিন রোববার (৮ নভেম্বর) হতে যাওয়া দুটি ম্যাচের টিকিটে ৫০ শতাংশ মূল্যছাড় ঘোষণা করেছে টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব রশিদ জানান, ১ হাজার টাকার গ্যালারি টিকিট এখন থেকে মাত্র ৫০০ টাকায় সংগ্রহ করতে পারবেন দর্শকরা। উদ্বোধনী দিনে বাংলাদেশ ও ভুটান ম্যাচে প্রায় ১২ হাজার দর্শক উপস্থিত থাকলেও টিকিটের দাম কমানোর এই সিদ্ধান্ত স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, রোববার আসরের দ্বিতীয় দিনে বেলা সাড়ে ৩ টায় মালদ্বীপের মুখোমুখি হবে পাকিস্তান এবং রাত ৮ টায় শ্রীলঙ্কা খেলবে ভুটানের বিপক্ষে। তবে আগামী ১১ নভেম্বর বাংলাদেশের পরবর্তী ম্যাচে টিকিটের দাম কমবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আয়োজকরা।

জা. অর্থনীতি/এআর