Print Date & Time : 07 November 2026 Saturday 01:29 pm

ইয়েমেনে বাজারে সৌদি বিমান হামলা, হতাহত ৩০

image

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি জনাকীর্ণ বাজারে সৌদি আরবের বিমান হামলায় ৩০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। শুক্রবার (৬ নভেম্বর) দেশটির তাইজ প্রদেশের আল-হাদারা বাজারে এ হামলার ঘটনা ঘটে।

হুতিদের সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, সৌদি বিমানবাহিনীর হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত ও আহত হয়েছেন। ঘটনাটিকে ‘ভয়াবহ হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, শুক্রবার আল-হাদারা বাজারে তিন দফা বিমান হামলা চালায় সৌদি বিমানবাহিনী। এতে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। তিনি আরও বলেন, এসব নৃশংসতার জবাব দেওয়া হবে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।

এদিকে হুতিদের রাজনৈতিক ব্যুরো এক বিবৃতিতে সৌদি আরবের বিরুদ্ধে বেসামরিক মানুষের ওপর হামলার অভিযোগ তুলেছে। তাদের দাবি, এসব ঘটনার বিচার ও জবাবদিহি নিশ্চিত করার পরিবর্তে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়গুলো উপেক্ষা করছে।

অন্যদিকে, শুক্রবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, ইয়েমেনের হুতিরা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর নাজরান লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তবে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করেছে।

উল্লেখ্য, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে ইরানের সমর্থনপুষ্ট হুতিরা দীর্ঘদিন ধরে দেশটির বিভিন্ন অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

জা.অর্থনীতি/এসআই