Print Date & Time : 08 November 2026 Sunday 10:53 am

দিয়া মির্জাকে কেন হিন্দুবিরোধী বলে প্রচার চালাচ্ছে বিজেপি?

image

বিনোদন ডেস্ক: ধর্মীয় উৎসব ঘিরে পরিবেশ সচেতনতামূলক প্রচারও যে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসতে পারে, তারই উদাহরণ অভিনেত্রী দিয়া মির্জার দীপাবলি-ভিডিও। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভিডিওটি পুনরায় প্রকাশের পক্ষে মত দিয়েছেন ভারতের বম্বে হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ।

দূষণমুক্ত দীপাবলি উদযাপনের আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন দিয়া মির্জা। বৃহন্মুম্বই পুরসভার অনুরোধে তৈরি করা ওই ভিডিওতে আতশবাজির শব্দ ও বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। কিন্তু রাজনৈতিক আপত্তির মুখে পুরসভার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় শুনানির সময় বিচারপতি গিরীশ কুলকার্নি ও বিচারপতি নীলা গোখলের বেঞ্চ ভিডিও সরানোর ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন। আদালত জানায়, মুম্বাইয়ের ঐক্য ও সম্প্রীতির চেতনা বজায় রাখা জরুরি। দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কারণে সেই ভারসাম্য নষ্ট হওয়া উচিত নয়। ভিডিওটি ফিরিয়ে আনাই আদর্শ পদক্ষেপ হবে বলেও পর্যবেক্ষণ দেন বিচারপতিরা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পুরসভার।

দিয়ার ভিডিওর বিরোধিতা করেছিলেন মুম্বাই বিজেপির সভাপতি অমিত সাটম ও মেয়র রিতু তাওড়ে। মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানেও তার সমালোচনা করেন। তাদের আপত্তির পরই ভিডিওটি সরানো হয়েছিল।

আদালত বলেছে, পরিবেশদূষণ রোধে সচেতনতার উদ্যোগকে বিভাজনের বিষয় বানানো উচিত নয়। ধর্মনিরপেক্ষতার চেতনা সবার মধ্যে থাকা প্রয়োজন।

জা.অর্থনীতি/এসআই