আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে সোনার দাম।
বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম আজ ০.২২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১১ ডলারে লেনদেন হতে দেখা গেছে। পাশাপাশি ফিউচার মার্কেটেও সোনার দাম ০.৩৬ শতাংশ বা ১৬.৩৭ পয়েন্ট বেড়ে আউন্স প্রতি ৪ হাজার ৫১৮.২৭ ডলারে দাঁড়িয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের তথ্য অনুযায়ী, দুবাইয়ের বাজারে গত শুক্রবার লেনদেনের শুরুতেই ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে প্রতি গ্রাম ৫৪৪.০ দিরহামে দাঁড়িয়েছে।
আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার বাজার বন্ধের সময় এই দাম ছিল ৫৪১.২৫ দিরহাম। তার আগে গত ২৭ মে সোনার দাম কমে দুই মাসের সর্বনিম্ন অর্থাৎ ৫৩৭.০ দিরহামে নেমেছিল।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এবং বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপের কারণে বিনিয়োগকারীরা এখন বেশ সতর্ক অবস্থানে রয়েছেন।
বিশ্ব অর্থনীতির এই বহুমুখী পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণের বাজারে।
তবে সোনার বাজারে এই উত্থান থাকলেও রুপার বাজার আজ সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে এবং প্রতি আউন্স রুপা বিক্রি হয়েছে ৭৫.৭২ ডলারে।
—জা. অর্থনীতি/এনজে