আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।
সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলি সেনাদের লেবাননের আরও ভেতরে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়ার পর জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
সোমবার (১ জুন) রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল (ডব্লিউটিআই) ফিউচারের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩৭ ডলার বা ২ দশমিক ৭১ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৭৩ ডলারে পৌঁছায়। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ৩৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ২৮ ডলারে ওঠে।
বিশ্লেষকদের মতে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। তবে এরপর আবার নতুন করে সংঘাত বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে তেলের বাজারে সরবরাহ ঝুঁকির আশঙ্কা আবারও বেড়েছে।
এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে পেতে রাখা মাইন নিয়েও উদ্বেগ বাড়ছে।
বাজার বিশ্লেষক টনি সাইকামোর এক নোটে বলেন, প্রণালিটি পুরোপুরি নিরাপদ করে পুনরায় চালু করতে সময় লাগতে পারে এবং তেলের বাজারে স্বস্তি ফিরতেও দেরি হতে পারে।
তিনি আরও বলেন, চুক্তি হলেও বাজারে হঠাৎ করে বিপুল পরিমাণ তেলের সরবরাহ বৃদ্ধি পাবে না।
উল্লেখ্য, বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে হয়ে থাকে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া সংঘাতের জেরে ইরান কার্যত এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে রেখেছে।
—জা. অর্থনীতি/এনজে