খাগড়াছড়ি প্রতিনিধি: সাজেকে অবরোধকারীদের ওপর হামলার প্রতিবাদে আগামী শনিবার (২৪ অক্টোবর) খাগড়াছড়ি ও রাঙামাটি-এই দুই পার্বত্য জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নতুন সংগঠনের ব্যানারে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাঙামাটির সাজেকে জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে অবরোধ কর্মসূচি সফল করতে পার্বত্য চট্টগ্রামের সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন এবং উভয় জেলার যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও নৌপথে এ অবরোধ কর্মসূচি পালিত হবে। তবে অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, শববাহী যান, ফায়ার সার্ভিস, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সংবাদকর্মীদের বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি